দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘূর্ণিঝড় মায়সাকের প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা এবং মধ্যাঞ্চলে বিরল টর্নেডোর আঘাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের গুয়াংশি প্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাননিং শহর ও আশপাশের গ্রামগুলো।
সরকারি হিসাবে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৯০ হাজার মানুষ। অনেক এলাকায় মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারকর্মীদের অপেক্ষায় রয়েছেন।
বিবিসির সঙ্গে কথা বলা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই বন্যার পানি গ্রামগুলো ডুবিয়ে দেয়। অনেক পরিবার ঘর ছাড়ার সময় খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ারও সুযোগ পাননি। কোথাও কোথাও উদ্ধারকর্মীর সংকটের কারণে বহু মানুষ এখনও আটকা রয়েছেন।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে বিরল টর্নেডোর সৃষ্টি হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি বহুতল ভবনের জানালা ভেঙে এক ব্যক্তি ১২ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বাত্মক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা, দুর্গতদের পুনর্বাসন এবং দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী সুপার টাইফুন বাভি সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহের শেষদিকে এটি চীনের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও ভারী বৃষ্টি ও পানিবন্দি পরিস্থিতির কারণে অনেক জায়গায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বহু পরিবার এখনও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।
সূত্র: বিবিসি
এমএস/